৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘোষিত এই কর্মসূচীকে সফল ও সুসংগঠিত করতে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এক থানা আমীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর বারিধারায় ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে এ সম্মেলন আয়োজিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণের গণরায় সরকারকে মেনে নিতে হবে। আমরা চাই আপনারা মেয়াদ পূর্ণ করুন। কিন্তু জনরায়কে উপেক্ষা কিংবা জনগণকে অসন্তুষ্ট করলে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। জনগণের মৌলিক দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাতেই আমাদের এই লংমার্চ।”
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “দেশ রক্ষায় প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কারের কোনো বিকল্প নেই। গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতে কার্যকর ভূমিকা না রাখলে জনঅসন্তোষ এড়ানো যাবে না। রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষায় ছাত্র-জনতা প্রয়োজনে আবারও রাজপথে নেমে আসবে।”
সম্মেলনে ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত ৫ সেপ্টেম্বরের লংমার্চ শান্তিপূর্ণ ও সফল করার লক্ষ্যে বিভিন্ন সমন্বয় কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়। আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে ঢাকা মহানগরীর জনশক্তিকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর প্রকৌশলী গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ইয়াসিন আরাফাত, হেমায়েত হোসেন, জিয়াউল হাসান, জামাল উদ্দিন, আতাউর রহমান সরকার ও নাসির উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।