গাজীপুর ও আশুলিয়ায় টানা আন্দোলন: বিজিবি ও ম্যাজিস্ট্রেট বৃদ্ধি, সড়ক অবরোধে জনভোগান্তি

November 3, 2026 | Feature-1 |

নিউজ ডেস্ক: বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চলগুলোতে টানা বিক্ষোভ ও সড়ক অবরোধ অব্যাহত রেখেছেন পোশাকশ্রমিকেরা। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল থেকে গাজীপুরের নাওজোরসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একাধিক পয়েন্টে অবস্থান নেন আন্দোলনরত শ্রমিকেরা।

আজ সকালে নাওজোর এলাকায় শত শত শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, সকাল ৮টার কিছু আগে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁদের সরিয়ে দেন।

এর আগে সকালে গাজীপুরের চন্দ্রা এলাকায় ডিভাইন ও ইন্টার স্টপ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পর কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে কাঁদানে গ্যাস ও ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুরে নিরাপত্তা জোরদার: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট

শিল্পাঞ্চলের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা প্রশাসন নিরাপত্তা আরও জোরদার করেছে।

আজ সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ জন থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

অন্যদিকে ঢাকার সীমান্তবর্তী শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন স্থানেও আজ সকালে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আন্দোলন কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কা দেখা দেওয়ায় আশুলিয়ার অধিকাংশ কারখানা আজ ছুটি বা সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বেতন বাড়ানোর এক দফা দাবিতে গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।



Leave a Comment