পুলিশ বাহিনীতে কোনো ধরনের দুর্নীতি বা শৃঙ্খলা ভঙ্গ সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার কোনো বিকল্প নেই। যারা বাহিনীর চেইন অব কমান্ড বা শৃঙ্খলা ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আজ সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’:
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ বাহিনীকে আমরা এমন এক পর্যায়ে নিয়ে যেতে চাই যেখানে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না।” পুলিশের প্রতিটি পদক্ষেপ যাতে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
স্বচ্ছতা বাড়াতে ‘বডি ক্যামেরা’:
পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন মন্ত্রী। তিনি জানান, পুলিশের তদন্ত, অপারেশন এবং ট্রাফিক ব্যবস্থাসহ সমস্ত কার্যক্রমে ‘বডি অন ক্যামেরা’র ব্যবহার বাড়ানো হবে। তিনি বলেন, “ভবিষ্যতে সকল পর্যায়ে যাতে বডি অন ক্যামেরা ব্যবহার করে সবকিছু রেকর্ড রাখা যায়, আমরা সেই ব্যবস্থা নেব।”
ভোগান্তি দূর করার নির্দেশ:
অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো, আমরা নিজেরাও তার ভুক্তভোগী। ভবিষ্যতে সাধারণ মানুষের কাছ থেকে যেন এ ধরণের কোনো অভিযোগ না আসে, তা নিশ্চিত করতে হবে।”
পুলিশ কর্মকর্তাদের বাহিনীর মর্যাদা সমুন্নত রেখে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


