রামিসা হত্যা মামলা: ভুক্তভোগী পক্ষে লড়বেন শিশির মনির

May 21, 2026 | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৭ বছর বয়সী অবুঝ শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

আজ বৃহস্পতিবার (২১ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে অ্যাডভোকেট শিশির মনির লিখেন:

‘শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।’

ক্ষোভে ফুঁসছে দেশ, রাজপথে সাধারণ মানুষ:
এদিকে, শিশু রামিসাকে ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এই জঘন্যতম নৃশংসতার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাজপথে নেমে এসেছেন নানা শ্রেণিপেশার মানুষ। ‎

আজ রামিসা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও জড়িতদের দ্রুত ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মহিলা বিভাগ। মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের জঘন্য খুনিদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সময়ের দাবি। রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সর্বস্তরের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীরা মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন।

হত্যাকাণ্ডের পটভূমি:
গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং পরবর্তীতে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই লোমহর্ষক ঘটনার পর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যে পুলিশ প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করে। গতকাল বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মূল হোতা সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও এই মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করার আশ্বাস দিয়েছেন।



Leave a Comment