চীনে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী স্পর্শের বাসায় বিরোধীদলীয় নেতা
স্টাফ রিপোর্টার: চীনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ‘শানডং ইউনিভার্সিটি অব টেকনোলজি’-এর বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী তৌফিক আহমাদ স্পর্শের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁর বাসভবনে গিয়েছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান, এমপি।
আজ শুক্রবার (১২ জুন) বাদ জুম’আ তিনি রাজধানীর কচুক্ষেত-ভাষানটেক এলাকায় অবস্থিত নিহতের শোকসন্তপ্ত পরিবারের বাসভবনে যান।
পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা:
বাসভবনে অবস্থানকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিহত স্পর্শের পিতা-মাতা, ভাই-বোনসহ নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। সন্তানহারা পিতা-মাতার সজল চোখ ও আর্তনাদ দেখে তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তাদের বুকে টেনে নিয়ে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে তিনি মরহুম তৌফিক আহমাদ স্পর্শের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং এই অপূরণীয় ক্ষতিতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান। একই সঙ্গে এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা অপর বাংলাদেশি শিক্ষার্থীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।
চীনে সেই দূর্যোগপূর্ণ রাতের দুর্ঘটনা:
উল্লেখ্য, গত ৩১ মে রাত প্রায় ৯টার দিকে চীনের শানডং প্রদেশ এলাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন ওই বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি শিক্ষার্থী। এতে ঘটনাকুস্থলেই তৌফিক আহমাদ স্পর্শ নিহত হন এবং তাঁর সাথে থাকা অপর একজন বাংলাদেশি শিক্ষার্থী গুরুতর আহত হন। মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুর খবরে তাঁর নিজ এলাকা কচুক্ষেত ও ভাষানটেকে গভীর শোকের ছায়া নেমে এসেছে।