রাজধানীর ভাটারায় গ্যাস লাইনে বিস্ফোরনে দগ্ধ ৩
স্টাফ রিপোর্টার: রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকার একটি আবাসিক বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে ভাটারা নতুন বাজার ১০০ ফিট রাস্তা সংলগ্ন একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের পরিচয় ও আঘাতের মাত্রা
বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন—শাহীন (২৪), তাঁর স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের আট বছর বয়সী ভাগনি হাফছা (৮)। শাহীন পেশায় একজন কাপড়ের দোকান কর্মচারী।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে জানান, “বিস্ফোরণে শাহীনের শরীরের ৫০ শতাংশ, তাঁর স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং শিশু হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসাধীন তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।”
যেভাবে ঘটল দুর্ঘটনা
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, ভোরে হঠাৎ বিকট শব্দে নিচতলার ফ্ল্যাটটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ছুটে গিয়ে দেখেন বাসার ভেতরে থাকা তিনজনই আগুনে পুড়ে ছটফট করছেন। পরবর্তীতে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রতিবেশী জসিম উদ্দিন বলেন, শাহীনের ওই বাসায় তিতাসের প্রাকৃতিক গ্যাসের সংযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে—রাতে পাইপলাইনের কোনো ত্রুটি থেকে গ্যাস লিকেজ হয়ে ঘরের ভেতরে জমে ছিল। ভোরে রান্নার উদ্দেশ্যে দেশলাই জ্বালানো বা বৈদ্যুতিক সুইচের স্পার্ক থেকে জমানো গ্যাসে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
ফায়ার সার্ভিস ও ভাটারা থানা পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।