খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার

August 3, 2026 | Feature-1 |

চাঁদপুর প্রতিনিধি: ২০১৫ সালে রাজধানীর বাংলামোটর এলাকায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অন্যতম আসামি, যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সোমবার (৩ আগস্ট) ভোররাতে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হান্নান মিয়া চাঁদপুর সদরের তরপুরচন্ডী এলাকার মফিজ মাঝির ছেলে। তিনি রাজধানীর তেজগাঁও ওয়ার্ডের ২ নম্বর ইউনিটের যুবলীগের সভাপতি ছিলেন।

অভিযান ও পুলিশের বক্তব্য
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) গাজী কামালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তরপুরচন্ডী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ওসি আরও জানান, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে একটি মিছিল বের করার ঘটনা ঘটে। সেই সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, চাঁদপুর সদরে যুবলীগ নেতা হান্নান মিয়াকে সন্ত্রাসবিরোধী আইনের মামলাতেই গ্রেফতার করা হয়েছে।

হামলার ১০ বছর পর মামলা
উল্লেখ্য, ২০১৫ সালে বাংলামোটরে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ভয়াবহ হামলার ঘটনার প্রায় ১০ বছর পর, ২০২৪ সালের ২৩ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়। ফজলুল করিম নামের এক ব্যক্তি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে এ মামলা করেন। গ্রেফতারকৃত যুবলীগ নেতা হান্নান মিয়া ওই মামলার ১৭৮ নম্বর এজাহারনামীয় আসামি।



Leave a Comment