নরওয়ের প্রয়াত রাজার হারাল্ড পঞ্চমের মৃত্যুতে দূতাবাসে শোকবইয়ে জামায়াতের স্বাক্ষর
নিউজ ডেস্ক: নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসিতে উপস্থিত হয়ে দলের পক্ষে নরওয়েজিয়ান দূতাবাসের শোকবইয়ে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
আজ সোমবার (৩১ আগস্ট ২০২৬) নরওয়েজিয়ান এম্বাসিতে গিয়ে তিনি প্রয়াত রাজার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের কাছে পাঠানো এক বিশেষ শোকবার্তা ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেনের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তিনি।
নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত শোকবার্তা
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির প্রেরিত শোকবার্তায় যা উল্লেখ করা হয়:
গভীর সমবেদনা ও সংহতি: শোকবার্তায় বাংলাদেশের জনগণ ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী, সরকার, সাধারণ জনগণ এবং রাজপরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হয়। এ কঠিন সময়ে নরওয়ের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়।
রাজা হারাল্ডের অবদান স্মরণ: প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের দীর্ঘ রাষ্ট্রীয় দায়িত্ব পালন, নরওয়ের জনগণের প্রতি তাঁর অকৃত্রিম নিষ্ঠা এবং দেশের সংকটময় সময়ে জনগণের পাশে থাকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
মানবিক নেতৃত্বের প্রতি শ্রদ্ধা: এতে বলা হয়, রাজা হারাল্ড পঞ্চম তাঁর অনন্য নেতৃত্ব, বিনয় এবং মানুষের প্রতি দায়িত্ববোধের কারণে নরওয়ের অধিবাসীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। জাতীয় ঐক্য, সহনশীলতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।
প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের জীবন ও দায়িত্বকাল
উল্লেখ্য, নরওয়ের রাজা হারাল্ড পঞ্চম গত ২৮ আগস্ট ২০২৬ সালে ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯১ সালে নরওয়ের সিংহাসনে আরোহণ করেন এবং দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
আজকের এই শোক প্রকাশের আনুষ্ঠানিকতা ও শোকবার্তা হস্তান্তরকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।