সীতাকুণ্ডে বাসচাপায় আইআইইউসির ছাত্রী নিহত, আহত ২: মহাসড়ক অবরোধ

November 3, 2026 | Feature-2 |

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কায় মাইশা মুশফিরাত নামে এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টির আরও দুই নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড কুমিরার ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের মুখে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় ও দুর্ঘটনার বিবরণ

নিহত মাইশা মুশফিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠীরা জানান, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ অ্যাকাডেমিক প্রোগ্রামে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) হিসেবে দায়িত্ব পালন করতে ক্যাম্পাসে আসছিলেন তিন নারী শিক্ষার্থী। মহাসড়ক পার হয়ে বিশ্ববিদ্যালয় গেটে প্রবেশের মুখে চট্টগ্রাম শহরমুখী ‘৮ নম্বর’ রুটের একটি বেপরোয়া লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন শিক্ষার্থীকে সজোড়ে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় তাঁরা সড়কে ছিটকে পড়ে রক্তাত ও গুরুতর আহত হন। ঘটনার পরপরই ক্যাম্পাসের সহপাঠী ও স্থানীয় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাইশা মুশফিরাতকে মৃত ঘোষণা করেন।

মহাসড়ক অবরুদ্ধ ও উত্তপ্ত পরিস্থিতি

সহপাঠী ও নারী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু এবং অপর দুজনের গুরুতর আহত হওয়ার খবর ক্যাম্পাসে পৌঁছালে আইআইইউসি শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার প্রতিবাদে এবং দোষী বাসচালক ও সহযোগীদের গ্রেপ্তারসহ ক্যাম্পাসের সামনে নিরাপদ পথচারী পারাপারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা অংশ অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।



Leave a Comment