গার্মেন্টস খাতে রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা তৈরির চেষ্টা কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
নিউজ ডেস্ক: রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করতে ও কারখানা বন্ধ করার উদ্দেশ্যে পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘চিংড়িমহাল ব্যবস্থাপনা’ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন করে শ্রম অস্থিরতা সৃষ্টির কোনো যৌক্তিক সুযোগ নেই।
অভিযোগ করে মন্ত্রী বলেন, “এগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে পরাজিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল এই অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। সরকার কোনোভাবেই এটি সহ্য করবে না এবং অত্যন্ত কঠোর হস্তে তা দমন করা হবে।”
কারখানা বন্ধ রাখা এবং শ্রমিকদের সড়কে অবস্থানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, সাময়িক বন্ধ থাকা কারখানাগুলো খুব শিগগিরই পুনরায় খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূলত কিছু দুষ্কৃতকারী কারখানায় হামলা ও ভাঙচুরের চেষ্টা চালানোতেই এই শঙ্কা তৈরি হয়েছিল।
তিনি উল্লেখ করেন, শ্রমিকদের অধিকাংশ যৌক্তিক দাবি-দাওয়া ইতোমধ্যে পূরণ করা হয়েছে এবং নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। গার্মেন্টস ও নিট খাতের শীর্ষ শ্রমিক সংগঠনগুলোর নেতা ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা শেষ হয়েছে এবং উভয় পক্ষই এতে সন্তোষ প্রকাশ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গঠিত মজুরি বোর্ডের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে দর-কষাকষি করবেন। শ্রমিকদের জীবনমান যেন উন্নত হয় এবং তাদের স্বার্থ রক্ষিত হয়, তা বিবেচনায় নিয়ে ন্যায়সংগত মজুরি নির্ধারণের জন্য সরকারের পক্ষ থেকেও বোর্ডের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।