মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও শিশুসন্তান নিহত

November 7, 2026 | Feature-2 |

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য—স্বামী, স্ত্রী ও তাঁদের মাত্র আট মাস বয়সী শিশুসন্তান। এই ভয়াবহ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও অটোরিকশাচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জামালপুরের ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার বাসিন্দা মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) এবং তাঁদের আট মাস বয়সী কন্যাসন্তান রিফা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। ঠিক একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল।

বুরুঙ্গা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ঘাতক ট্রাক প্রথমে সামনে থাকা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়।

এতে অটোরিকশায় থাকা মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রী ইকরামা ও শিশুকন্যা রিফাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁদেরও মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী ও অটোরিকশাচালককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় মেলান্দহের মালঞ্চ এলাকায় ট্রাকটি ঘেরাও করে আটক করেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। তবে চালক সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া চালু রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”



Leave a Comment