কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

November 9, 2026 | Feature-2 |

নিউজ ডেস্ক: জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) তুরস্কের অন্যতম ভূমধ্যসাগরীয় পর্যটননগরী আনতালিয়ার এক্সপো সেন্টারে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বহুল কাঙ্ক্ষিত এই বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশ অনুদানভিত্তিক পর্যাপ্ত অর্থায়ন, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় অভিযোজন পরিকল্পনায় উন্নত বিশ্বের সরাসরি সহায়তার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ৭টা ২৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। বিকেলে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর সাময়িক ট্রানজিট শেষে তারা অভ্যন্তরীণ ফ্লাইটে সম্মেলনের মূল ভেন্যু আনতালিয়ায় পৌঁছাবেন।

কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে আগামী ১১ ও ১২ নভেম্বর অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী এবং সেখানে পৃথক দুটি পর্বে বক্তব্য দেবেন। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সম্মেলনের ফাঁকে (সাইডলাইনে) বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত ও বৈঠক হতে পারে।

প্রধানমন্ত্রীর এই সফরে সঙ্গে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফর শেষে আগামী ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এবারের জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক পর্যাপ্ত অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত বিশ্বের কাছে কার্যকর ও সহজলভ্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার জোর দাবি জানাবে বাংলাদেশ।

সম্মেলনের অবস্থান ব্যাখ্যা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, “জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে দরিদ্র ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর ঋণের বোঝা না বাড়িয়ে সরাসরি অনুদান বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চল, হাওর, চর ও খরাপ্রবণ এলাকার অবকাঠামোগত নিরাপত্তা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও স্থানীয় অভিযোজনে বৈশ্বিক সহায়তা প্রয়োজন।”

তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের ফলে শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, বরং বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবিলাতেও সহজলভ্য অনুদান দাবি করা হবে। একই সঙ্গে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে কার্বন নির্গমনকারী শীর্ষ উন্নত দেশগুলোকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হবে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে অনুষ্ঠিত ‘কনফারেন্স অব দ্য পার্টিস’ বা কপ-৩১ আজ ৯ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে।

এবারের কপ সম্মেলনের প্রধান বৈশ্বিক লক্ষ্যসমূহ হলো—

২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা।

ক্ষতিকর মিথেন গ্যাসের নিঃসরণ উল্লেখযোগ্য হারে হ্রাস করা।

ভবন নির্মাণ ও আবাসন খাতে কার্বন নিঃসরণ এবং শক্তির ব্যবহার ২৫ শতাংশ কমানো।

প্যারিস চুক্তির আলোকে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষতিপূরণ এবং জলবায়ু তহবিল দ্রুত নিশ্চিত করা।

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও খরাপ্রবণতা বৃদ্ধির প্রেক্ষাপটে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।



Leave a Comment