শিল্পাঞ্চলের সুরক্ষায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

November 9, 2026 | Feature-2 |

নিউজ ডেস্ক: চলমান পোশাক শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে রাজধানীসহ তিন জেলার গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হালনাগাদ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, শিল্পাঞ্চলে কাজের পরিবেশ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের অতি-গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা টহল ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন:

ঢাকা জেলা: সাভার, আশুলিয়া ও মিরপুর।

গাজীপুর জেলা: চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা।

নারায়ণগঞ্জ জেলা: শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল।

ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি

বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থার মাধ্যমে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠপর্যায়ে মোতায়েনকৃত সদস্যদের কার্যক্রম সমন্বয় এবং শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নজরদারিতে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও বিভিন্ন ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়োজনীয় সর্বাত্মক প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।



Leave a Comment