লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত ১৫

November 9, 2026 | Feature-2 |

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল ‘নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহণ’ নামের একটি যাত্রীবাহী বাস। বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। যাত্রীরা বারবার নিষেধ করা সত্ত্বেও চালক গাড়ির গতি কমাননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন আরও অন্তত ১৫ জন।

দুর্ঘটনায় আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগম জানান, চালকের বেপরোয়া ড্রাইভিংয়ের কারণেই মূলত এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। যাত্রীদের শত নিষেধ সত্ত্বেও চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছিলেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিকে ইতিমধ্যে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় আরও অন্তত ১৫ জনকে আনা হয়। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে।



Leave a Comment