সিএমপি কমিশনারের সঙ্গে নগর জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ

চট্টগ্রাম প্রতিনিধি: ৫ মে অনুষ্ঠিতব্য লংমার্চ ও লালদিঘী সমাবেশ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।

এসময় সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, ডিসি (দক্ষিণ) জনাব হাবিবুর রহমান, ডিসি (সিএসবি) জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুস, এবং ডিসি (উত্তর) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ৫ মে লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং সমাবেশে অংশগ্রহণকারী জনসাধারণের নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

চট্টগ্রাম মহানগর জামায়াত নেতৃবৃন্দ সমাবেশকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সিএমপি কমিশনারও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎ ও মতবিনিময় শেষে উভয় পক্ষ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কর্মসূচি সম্পন্ন করার বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করেন।



Leave a Comment