কুমিল্লার ১৮ থানায় পুলিশের যৌথ অভিযান: আটক ৩৬৩ কিশোর গ্যাং সদস্য

October 3, 2026 | Feature-2 |

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা জুড়ে কিশোর গ্যাংয়ের উৎপাত ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে জেলার মোট ১৮টি থানা এলাকায় একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে মোট ৩৬৩ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ টিম এই অভিযান পরিচালনা করে।

কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় উঠতি বয়সী বখাটে ও কিশোর গ্যাংয়ের নিয়মিত আড্ডা ও উৎপাত স্থানগুলোতে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের প্রত্যক্ষ নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরাসরি অংশ নেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান জানান, আটককৃত কিশোরদের অপরাধের সাথে সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাইকরণ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও আশ্বস্ত করেন যে, উঠতি বয়সী তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অভিযানে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

জেলা পুলিশ জানায়, কুমিল্লায় চলমান কিশোর গ্যাংবিরোধী সামগ্রিক অভিযানে এখন পর্যন্ত সর্বমোট ১ হাজার ৬৭২ জনকে আটক করা হয়েছে।

সংগৃহীত আলামত ও সম্পৃক্ততা যাচাই শেষে অপরাধে সরাসরি জড়িত না থাকায় ১ হাজার ১৩০ জনকে অভিভাবকের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ৫৪২ জনকে আদালতে প্রেরণের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



Leave a Comment