আগামীকাল ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী ইতিহাস ও স্মারক সংরক্ষণের লক্ষ্যে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ৯টায় জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান ও স্বজনদের স্মৃতিচারণ
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, উদ্বোধনী দিনে জুলাই আন্দোলনের বীর যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে স্মৃতিচারণ করবেন। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
জাদুঘর নির্মাণে অনিয়মের ওঠা গুঞ্জন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, “স্মৃতি জাদুঘর নির্মাণ নিয়ে দুর্নীতির কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
টিকেট মূল্য ও দর্শনার্থীদের জন্য উন্মুক্তের সময়সূচি
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, জাদুঘরের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষায় দর্শনার্থীদের জন্য অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট ও সীমিত সংখ্যক দর্শনার্থী ভেতরে প্রবেশের সুযোগ পাবেন।
টিকেট মূল্য: প্রাপ্তবয়স্কদের জন্য টিকেট মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বসাধারণের জন্য উন্মুক্ত: আগামীকাল প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর, আগামী পরশু বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে।